Skip to content

শ্রেষ্ঠ সাধক – আওয়াল হোসেন টুটুল

মাথা তুলে আবার দাঁড়াচ্ছে কৃষক, দুর্বার-দুর্মর।
ভেঙেছিলো যেথা নিবাস তাঁদের, বাঁধছে সেখানে ঘর।
জলের প্রলয় করে গ্যাছে ক্ষয় ভেঙেচুরে ভিটেমাটি,
ভগ্ন কোমর, তবু মনে জোর— দাঁড়াবে সে ছেড়ে লাঠি।

এ্যামোনই মহান সাধক তাঁরা যে, সে সাধনার জোরে
ধ্বংসস্তূপের বুকেও অনায়াসে স্বর্গ রচনা করে।
বন্যার জল সোনার ফসল কাদামাটি গ্যাছে করে দিয়ে
দেখছে আবার স্বপ্ন বাঁচার সে বিরানভূমিতে দাঁড়িয়ে।

নরকাগ্নিতে বসেও অবহেলে হাসে অমলিন হাসি,
শ্মশানের বুকে জীবনের গান লিখে দ্যায় রাশি রাশি।
মুছে আঁখিনীর, আহত জমির বক্ষে লাঙল চষে—
এ্যাকই স্নেহ-প্রেমে, নব উদ্যমে গান গেয়ে, হেসে হেসে।

বন্যার তোড়, খরার আঘাত, শিলাবৃষ্টির ঘা
বাংলার অদম্য কৃষককুলকে থামাতেও পারে না।
এই ধরণীর কোনো মহাবীর কৃষকের চেয়ে বড় নয়।
কৃষকের ত্যাগে, রাগে-অনুরাগে মানুষ্য বেঁচে রয়।

গোল্লারপাড়, নালিতাবাড়ী।
২০২৪-১০-১৭ বৃহস্পতিবার, সন্ধ্যা ০৭:০৫
বই
কবিতাটি অদৃশ্য শৃঙ্খল বইয়ে প্রকাশিত হয়েছে

মন্তব্য করুন