Skip to content

আমার মৌনতাগুলি – কোয়েল তালুকদার

আমার মৌনতাগুলি
এক দিশাহীন নিশাচর পাখির মতো
প্রতিদিন তোমাকেই হন্ন হয়ে খুঁজে ফেরে –
এই আমার সৌভাগ্য –
তোমাকে পেয়েছি কখনও স্বপ্নে,
কখনও কবিতার গোপন অক্ষরে।

আমার চোখ তোমাকে প্রথম দেখেছিল
সবুজ ঘাসের শ্যামলিমায়
সেই থেকে তোমার চুলের বেণী বেয়ে
আমার মৌনতাগুলি ভেসে যায়
আকাশের দিকে।

নিঃশব্দে, খুব নিঃশব্দে মুছে যায়
তোমাকে লেখা
আমার সব অলিখিত প্রেমপত্র।

অসতর্ক কোনো মুহূর্তে হঠাৎ চোখ ভিজে ওঠে
আমি দেখি তোমার চোখের পাতা,
শ্রাবণ-বৃষ্টির মতো ধ্বনিময়, তবু স্তব্ধ।

মেঘ তখনও ঝরে পড়ে না ঠোঁটে,
ভেজা কাপড়ের গন্ধও জাগে না এখনও,
তবু দখিন হাওয়া
মাতাল হয়ে ওঠে তোমারই নামে।

এক উন্মূল, উড়নচণ্ডী আমি
বেঘোরে, নিঃশেষে
তোমাকেই ভালোবেসে গিয়েছি।

মন্তব্য করুন